তরুণ সংসদ সদস্যদের ভাষা শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে অশ্লীল ভাষা বন্ধে আইন করার দাবি জানিয়ে বলেছেন, তরুণ সংসদ সদস্যদের অশ্লীল ও অসংসদীয় ভাষা ব্যবহারে দেশের বুদ্ধিজীবী, সাধারণ মানুষসহ সকল শ্রেণি-পেশার মানুষ হতবাক। তাদের এ ভাষা বন্ধে সংসদের কার্যপ্রণালী বিধি সংশোধন করে আইন করতে হবে। বিরোধী দলীয় ও সরকার দলীয় তরুণ সংসদ সদস্যদের ভাষা শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন বলে জানান তিনি। গতকাল বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শহীদ জাহানারা ইমামের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আইন করে ব্যক্তি কিংবা পরিবার, সমাজকে শালীন করা সম্ভব নয়। এর জন্য দরকার পারিবারিক, রাজনৈতিক পরিমণ্ডলে সহনশীল গণতান্ত্রিক রাজনীতির চর্চা। সংগঠনের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, কবি রবীন্দ্র গোপ, জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ। সভা শেষে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর লেখা ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।