হবিগঞ্জে প্রথম শ্রেণির শিক্ষার্থী ধর্ষিত, অবস্থা সংকটজনক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাকুরাকান্দি গ্রামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুছাত্রীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চাঁদপুরের শাহরাস্তিতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ও ঝিনাইদহের কালীগঞ্জে দশম শ্রেণির ছাত্রী ধর্ষিত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি ও বানিয়াচং সংবাদদাতা জানান, গতকাল শনিবার সকালে শিশুটির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে তার অবস্থা এখনো সংকটজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিত্সকরা। অভিযুক্ত ধর্ষক একই গ্রামের আরজত আলীর বখাটে ছেলে জাহাঙ্গীর মিয়া (১৭)।

শিশুটি রাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় শিশুটি প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যায়। এ সময় জাহাঙ্গীর শিশুর মুখে গামছা           বেঁধে তাকে বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটি যখন বাড়ি ফিরে আসে তার প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে। দ্রুত শিশুটিকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা।

নির্যাতনের শিকার শিশুর স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালে এসে গাইনি বিশেষজ্ঞ ডা. আরশেদ আলীর সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি  আসেননি।  পরে তার বাসায় গিয়ে অনুরোধ করলে তিনি হাসপাতালে এসে শিশুকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলেন। দেরিতে হাসপাতালে আসার বিষয়টি অস্বীকার করে ডা. আরশেদ আলী বলেন, অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক ইনজুরির কারণে শিশুটিকে সম্পূর্ণ অচেতন করে চিকিত্সা দিতে হবে। এজন্যই তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়েছেন। বানিয়াচং থানার ওসি মোহাম্মদ রাশেদ মোবারক বলেন, অভিযুক্ত বখাটেকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

হাজীগঞ্জ (চাঁদপুর) : বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক জিহাদ ও ফাহিমকে আটক করা হয়েছে। জিহাদ কচুয়া উপজেলার চন্দিয়াপাড়া গ্রামের মোল্লা বাড়ির মৃত ইব্রাহীম মোল্লার ছেলে এবং ফাহিম (২০) একই উপজেলার আমুজান গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে শাহরাস্তি থানায় মামলা করেছেন। শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নে মেয়েটির বাড়ি। জানা গেছে, গতকাল ভোরে সেহরি খাওয়ার পর বাড়ির আঙ্গিনায় আম কুড়াচ্ছিল সে। পরে মেয়েটির মুখে কাপড় বেঁধে সিএনজিতে করে আমুজান বাগানে নিয়ে ধর্ষণ করা হয়। শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে। 

কালীগঞ্জ (ঝিনাইদহ) : গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কোলা গ্রামের পেতনীপাড়ায় ওই দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, কোটবাগ মাদ্রাসার ওই ছাত্রী নিজ বাড়ি থেকে বের হন পাশের বাড়িতে মোবাইল ফোনে চার্জ দেওয়ার জন্য। এ সময় উপজেলার খালকুলা  গ্রামের মৃত আব্দুর রবের ছেলে আলামিন (২০) ও তার সহযোগী মেয়েটিকে বাড়ির পাশে মাঠের ভিতরে নিয়ে রাতভর ধর্ষণ করে। হাত পা বাঁধা অচেতন অবস্থায় ওই ছাত্রীকে ফেলে রেখে যায় তারা। এলাকাবাসী গতকাল ভোরের  দিকে মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। ধর্ষক আলামিন গা ঢাকা দিয়েছে । মেয়েটির মেডিক্যাল করার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে কালীগঞ্জের বলিদাপাড়ায় অপর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিন যুবকের নামে মামলা করেছে মেয়েটির বাবা। মামলার আসামিরা হচ্ছে: বলিদাপাড়া গ্রামের বদর উদ্দীনের ছেলে খায়রুল ইসলাম (২২), রবিউল ইসলাম নবীর ছেলে গোলাম মোর্তুজা বাপ্পি (২৪) ও রবিউল ইসলামের ছেলে জাকারিয়া ওরফে টুটুল (২৩)। খায়রুল ও গোলাম মোর্তুজা বাপ্পি গ্রেফতার হয়েছে।

হোমনা (কুমিল্লা) : নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণকারী আলোচিত আট মামলার আসামি সুমন সরকার গ্রেফতার হয়েছে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠায় পুলিশ। সুমন উপজেলার দাঁড়িগাঁও গ্রামের রেজাউল করিম ওরফে রাজা মিয়ার ছেলে।