বেনাপোলে বুদ্ধিমত্তায় রক্ষা পেল শিশু কাজল

নিজের বুদ্ধিমত্তায় পাচারকারীদের হাত থেকে রক্ষা পেল শিশু কাজল (৯)। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে পাচারকারীরা তাকে বাসে করে বেনাপোল নিয়ে আসে মঙ্গলবার সন্ধ্যায়। বাস থেকে নামার পর কাজল পাশের একটি দোকানের আড়ালে পালিয়ে থাকে। পরে সে কান্নাকাটি করলে এক গাড়ি চালক তাকে পোর্ট থানায় নিয়ে আসে। তার সাথে থাকা আরো ৫ শিশুর ভাগ্যে কি ঘটেছে তা বলতে পারেনি কাজল। ধারণা করা হচ্ছে তাদেরকে ভারতে পাচার করা হয়েছে। কাজল পটুয়াখালী জেলার বাউফল থানার মাধবপুর গ্রামের জসিম হাওলাদারের মেয়ে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বাদল নামে এক গাড়ি চালক মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে সে তার বাড়ির কোন ফোন নাম্বার বলতে পারছে না। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে। সন্ধান পেলে মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে। উদ্ধার হওয়া মেয়েটি জানায়, আমার বাবা ঢাকায় থাকে মা থাকে বাড়িতে। আমি বাড়ির পাশে মাঠে খেলা করছিলাম। এ সময় পাশের বাড়ির ধিরাজ কাকা আমাকে বলে, ‘চল তোর বাবার সাথে দেখা করবি।’ আমি যেতে রাজি না হলে সে আমাকে মেরে ফেলবে বলে ভয় দেখায়। ভয়ে আমি তার সাথে চলে আসি। ধিরাজ কাকার সাথে আমাদের এলাকার সোহাগ নামে একজনসহ আরো ৬ শিশু ছিল। বাস থেকে নামার পর আমি পাশের একটি দোকানের আড়ালে পালিয়ে থাকি।