ব্যাংকে চুরির ঘটনায় কুড়িগ্রামে আটক ৩

কুড়িগ্রামের পূবালী ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ৫৮ লাখ টাকা দুর্ধর্ষ চুরির ঘটনার তদন্ত নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় ব্যাংকের পাশের ভবনের একটি বাসা থেকে চুরির কাজে ব্যবহূত সরঞ্জাম ও কিছু আলামত উদ্ধারের পর পুলিশ ওই বাসার ভাড়াটিয়া ৩ ব্যক্তিকে খুঁজছে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন ওই বাসার ভাড়াটিয়া। গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ পলাতকরাই বহুল আলোচিত এই দুর্ধর্ষ চুরির হোতা। জড়িত সন্দেহে এ পর্যন্ত নৈশ প্রহরী হাবিবুর, মোহন ও পান দোকানদার খাদেমুলকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আটক রাখা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মাহবুবুল আলম জানান, ঘোষপাড়াস্থ ব্যাংক ভবনের পাশের ভবনের মালিক রোকন মিয়া সপ্তাহখানের আগে অচেনা ৩ ব্যক্তিকে বাসা ভাড়া দেন। তারা স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে তার কাছে আসেন। তিনি বাসা ভাড়া নেয়া ব্যক্তিদের নামও জানেন না। শুক্রবার রাতেই ওই বাসা থেকে চুরির অভিযান পরিচালিত হয় এবং চুরির কাজে ব্যবহূত কার্টার, অক্সিজেন সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারসহ কিছু আলামত উদ্ধার করা হয়। বাসার মালিককে জিঙ্গাসাবাদ করে তাকেও নজরদারিতে রাখা হয়েছে। পলাতক ৩ ভাড়াটিয়াকে গ্রেফতারের জন্য সর্বাত্মক অভিযান চালাচ্ছে গোয়েন্দারা। মামলার তদন্তকারী কর্মকর্তা আরো জানান, তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। পলাতক ভাড়াটিয়াদের গ্রেফতার করতে পারলে এই চুরির ঘটনা উদঘাটন করা সম্ভব হবে বলে তারা মনে করছেন।