দেবীগঞ্জে স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবি
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২১:৫৮
দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের ৩ জন সহকারী শিক্ষক নিয়োগের অবৈধ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে ঐ এলাকার একাধিক নিবন্ধনকৃত শিক্ষিত বেকার যুবকরা জেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে বুধবার লিখিত অভিযোগ করেছেন। নির্মল কুমার রায়সহ ১০ জন স্বাক্ষরকারী তাদের লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, সুকাতু প্রধান স্কুলে সৃষ্ট ৩ জন সহকারী শিক্ষক নিয়োগের জন্য গত ১৪/৬/২০১৩ তারিখে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। অভিযোগ মতে, বিজ্ঞপ্তিতে চাওয়া হয়েছে আবেদনকারীদের সরকারি বিধিমোতাবেক নিবন্ধনসহ বিএড হতে হবে। কিন্তু সরকারি বিধিমোতাবেক নিয়োগ কাঠামো মতে স্কুলে শিক্ষক পদে আবেদনের জন্য সরকারি নিবন্ধন থাকলে আবেদন করা যাবে, এক্ষেত্রে বিএড বাধ্যতামূলক নয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্মনারায়ণের সাথে যোগাযোগ করলে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তিতে বিএড শর্ত দেয়া হয়েছে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে জেলা শিক্ষা কর্মকর্তা জীবধন রায় জানান, স্কুলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সমস্যাজনিত অভিযোগ পেয়েছেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার জন্য প্রধান শিক্ষককে বলেছেন।