টঙ্গীর ২৫ শিল্প প্লট দখলদারমুক্ত করার সুপারিশ

টঙ্গী শিল্প এলাকার ২৫টি প্লট থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে বলেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সে সাথে উত্তরা সোনারগাঁও জনপথ সংলগ্ন কমার্শিয়াল প্লটগুলো পুনরায় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বরাদ্দ প্রদান এবং কুড়িল ফ্লাইওভার নির্মাণ অগ্রগতির সর্বশেষ অবস্থা কমিটিকে জানাতে বলা হয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলা হয়। সংসদ সচিবালয় জানায়, কমিটির সদস্যরা রাজউক থেকে বরাদ্দ দেয়া টঙ্গী শিল্প এলাকায় অবরাদ্দ, খালি ও পরিত্যক্ত শিল্প প্লটের সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনা করেন। এর আগে এ বিষয়ে কমিটির সামনে প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটি টঙ্গী শিল্প এলাকায় অবরাদ্দকৃত ২৫টি শিল্প প্লট থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দ্রুত বরাদ্দ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপরিশ করে। কমিটির সদস্য হুইপ নূর-ই-আলম চৌধুরী, আসাদুজ্জামান খান, জহিরুল হক ভূঞা মোহন, লুত্ফর রহমান, কে এম খালিদ এবং আজিজুল হক চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।