নরসিংদীতে ছাত্রলীগ নেতার বাড়িতে পাল্টা গ্রুপের হামলা
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২২:৫৭
অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে নরসিংদী সরকারি কলেজ ছাত্রলীগের একদল সন্ত্রাসী শহরে একটি সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর , লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। তারা ছাত্রলীগের নেতা তুষার ভুঁইয়ার বাড়ি থেকে ২৫ ভরি স্বর্ণ, নগদ দেড় লাখ টাকা ও বিভিন্ন ইলেক্ট্রনিক সামগ্রীসহ কম-বেশী ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ভাংচুর করেছে প্রায় সমপরিমাণ টাকার সম্পদ। পিটিয়ে আহত করেছে শংকর ভুঁইয়া নামে একজনকে। বুধবার বেলা আড়াইটায় নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লায় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, মাহিন গ্রুপের ২০/২৫ জন সশস্ত্র কর্মী এই হামলা চালায়। এই সন্ত্রাসী হামলার ঘটনায় ব্রাহ্মন্দী এলাকার সংখ্যালঘু কয়েকশ’ পরিবারের মধ্যে ব্যাপক আতংক সৃষ্টি হয়েছে। হামলার পর নরসিংদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি।