আন্তর্জাতিক অপহরণকারী চক্রের সদস্য আটক
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২২:৫৯
আন্তর্জাতিক অপহরণকারী চক্রের সদস্য আলী আহমদ নামের এক ব্যক্তিকে গতকাল বুধবার আটক করেছে পুলিশ। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো এক লাখ টাকা সিলেটের জিন্দাবাজারস্থ এসএ পরিবহন থেকে উত্তোলন করতে গেলে তাকে টাকাসহ আটক করে গোয়েন্দা পুলিশ। চক্রটি দীর্ঘ দিন ধরে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে লোকজনকে বিভিন্ন দেশে নেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল।
সিলেট গোয়েন্দা পুলিশের হাতে আটককৃত আলী আহমদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। সূত্র জানায়, আটক আলী আহমদসহ ওই চক্রের বেশ কয়েকজন সদস্য টাঙ্গাইলের জাকির হোসেন নামের এক যুবককে স্পেন পাঠানোর কথা বলে তার পরিবারের সদস্যদের কাছ থেকে ৮ লাখ টাকা আদায় করে। এক পর্যায়ে চক্রের সদস্যরা জাকির হোসেনসহ বেশ কয়েকজন বাংলাদেশিকে ইরানে নিয়ে শহরের নির্জন এলাকায় একটি ঘরে আটক রেখে নির্যাতন চালায় এবং বাংলাদেশে তাদের প্রতিনিধির কাছে আরো কয়েক লাখ টাকা না দিলে আটককৃতদের হত্যার হুমকি দিয়ে দেশে স্বজনদের নিকট খবর পাঠায়। অপহূত জাকিরকে ছাড়িয়ে নিতে তার পরিবারের সদস্যরা আলী আহমদের নামে এক লাখ টাকা পাঠায়। সেই টাকা নিতে আসলেই গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।