রাজধানীতে রিহ্যাব মেলা শুরু

পরিবেশ বান্ধব নিরাপদ আবাসন শ্লোগানকে সামনে রেখে চার দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার ২০১৩ শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই মেলা উদ্বোধন করেন। আবাসন খাতের অন্যতম বড় এই মেলা আয়োজন করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রূপসী বাংলা হোটেল প্রাঙ্গণে এই মেলা চলবে আগামী ২৯ জুন শনিবার পর্যন্ত। সাধারণ দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত হয় বুধবার দুপুর ২টায়। আর ২৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সাধারণ দর্শকদের জন্য খোলা থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সংসদ সদস্য নসরুল হামিদ বিপুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. হেলাল উদ্দীন, রিহ্যাবের সহ-সভাপতি এবং ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মো. আব্দুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, মেলা কমিটির আহ্বায়ক আসাদুর রহমান জোয়ার্দ্দার প্রমুখ। উদ্বোধনকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সক্ষম এমন আবাসন গড়ে তোলার জন্য আবাসন ব্যবসায়ীদের আহ্বান জানান। তিনি বলেন, কর্পোরেট ট্যাক্স, রেজিস্ট্রেশন ব্যয় কমানোর জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করেছি। আশা করি এসব ব্যয় কমে গেলে আবাসন শিল্পে ভালো হবে।