নোয়াখালীর মাইজদী হাউজিং এস্টেটের প্লট বরাদ্দের লটারি স্থগিত
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২৩:০২
নোয়াখালীর মাইজদী হাউজিং এস্টেটের প্লট বরাদ্দের লটারির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত রাখার জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার প্লট বরাদ্দের লটারির দিন ধার্য ছিল। গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জাফর আহমেদের যৌথ বেঞ্চ এ লটারির কার্যক্রমের স্থগিত আদেশ প্রদান করেন।
জানা যায়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নোয়াখালী জেলার মাইজদী হাউজিং এস্টেটের স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য আবাসিক প্লট বরাদ্দের জন্য ২০০৬ ও ২০১০ সালে দুই দফায় কয়েক হাজার আবেদনপত্র গ্রহণ করে। আবেদনপত্রের শর্তাবলির তেয়াক্কা না করে তা ভঙ্গ করে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুর্নীতির আশ্রয় নিয়ে নিজেদের সুবিধামত সকল পেশার কোটার হার নতুন করে সংযোজন বিয়োজন ও পুনর্বিন্যাসের মাধ্যমে লটারির দিন ধার্য করে। এ অনিয়মের বিরুদ্ধে জেলার আইনজীবী এবিএম জাকারিয়া ও ফিরোজ আলম আজাদসহ কয়েকজন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন।