কুশখালী সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

সাতক্ষীরার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুদলিতে বিএসএফ এর নির্যাতনে একজন বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে বিজিবি বলেছে, এ ঘটনা যে বিএসএফ ঘটিয়েছে এমন কোনো তথ্য তারা পায়নি।

ঘটনার শিকার যুবকের নাম কবিরুল ইসলাম (৩২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে। তার মামা ফারুক হোসেন বলেন, তার ভাগ্নে বাড়ির কাউকে কিছু না বলে শুক্রবার রাতে কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের দুদলি এলাকায় যায়। সেখান থেকে ভারতীয় চা পাতাসহ অন্যান্য চোরাচালান সামগ্রী নিয়ে আসার সময় বিএসএফের নজরে পড়ে। বিএসএফ তাকে মারপিট করে তার গালে পেট্রোল ঢেলে দেয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বাংলাদেশ সীমান্তে রেখে যাওয়া হয়। পরে তাকে বাড়িতে নেওয়া হয়। রাত ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তার দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। মুখে পেট্রোল ঢেলে দেওয়ার বিষয়টি মেডিক্যাল রিপোর্ট ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। তিনি জানান, কবিরুলের লাশের ময়না তদন্ত করা হবে।