অতিরিক্ত আইজিপি প্রশাসন হলেন মঈনুর চৌধুরী

বিশেষ প্রতিনিধি

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) হলেন বাহিনীটির অতিরিক্ত মহাপরিদর্শক (অর্থ ও উন্নয়ন) মঈনুর রহমান চৌধুরী। তিনি মোখলেসুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (প্রশাসন) মিলন মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

৫ মে অবসরে যান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান। পুলিশের গুরুত্বপূর্ণ এই দায়িত্বে কে আসছেন তা নিয়ে কয়েকদিন ধরে পুলিশ প্রশাসনে চলছিল গুঞ্জন। অবশেষে সেই দায়িত্ব দেওয়া হয় মঈনুর রহমানকে।

১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশের যোগ দেন মঈনুর রহমান। তিনি খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার ছিলেন। এছাড়া পুলিশ সদর দপ্তরে ডিআইজিসহ (অর্থ) বিভিন্ন দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলায়। ২০১৫ সালের ২৪ ডিসেম্বর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি) দায়িত্ব পালন করছিলেন।