দৌলতপুরে চরমপন্থির গুলিতে চরমপন্থি নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে চরমপন্থি সন্ত্রাসীদের গুলি ও ধারাল অস্ত্রের আঘাতে মইনুল হক ওরফে সোনা সরদার (৪৫) নামে অপর গ্রুপের এক চরমপন্থি নেতা নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে মজিবর রহমান (৩০) নামে এক চা বিক্রেতা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর বাজারে এ ঘটনা ঘটে। নিহত সোনা সরদার পার্শ্ববর্তী ইউসুবপুর গ্রামের খোকা সরদারের ছেলে এবং চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (বিপ্লবী) সাবেক নেতা মহিতের সেকেন্ড ইন কমান্ড। এ ঘটনায় নিহত সোনা সরদারের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর থানায় মামলা করেছে। তবে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে সোনা সরদার ও তার কয়েক সহযোগী লালনগর বাজারে মজিবরের চায়ের দোকানে বসে চা পান করছিল। এ সময় প্রতিপক্ষ চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি জনযুদ্ধ মান্নান গ্রুপের ৬/৭ জন চরমপন্থি সন্ত্রাসী সোনাকে লক্ষ্য করে পরপর ২ রাউন্ড গুলি চালায়। এতে সোনা মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে তার মৃত্যু নিশ্চিত করতে হামলাকারীরা রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে চলে যায়। সন্ত্রাসীদের গুলিতে চায়ের দোকানি মজিবর রহমান আহত হয়। দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের সাথে চরমপন্থি কানেকশন রয়েছে। প্রতিপক্ষের সাথে আভ্যন্তরীণ কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দর ঘটনা ঘটতে পারে প্রাথমিক তদন্তে জানা গেছে।