তিস্তার ভাঙনে ফসলী জমি ও বাড়ি নদীগর্ভে
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ২০:৪৩
বর্ষার শুরুতে পানি বৃদ্ধির কারণে গঙ্গাচড়ায় তিস্তার ভাঙ্গনে গত ৩ দিনে ১০ পরিবারের ঘর-বাড়ি ও কয়েক একর জমির পাট ও ভুট্টা ক্ষেত নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন হুমকির মুখে রয়েছে আরও ২০ পরিবার। চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও রয়েছে ভাঙ্গন হুমকির মুখে।
জানা যায়, উপজেলার লক্ষীটারী ইউনিয়নের কলাগাছি এলাকায় গত ৩ দিনে ১০ পরিবারের বাড়ি-ঘর নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন হুমকির মুখে রয়েছে আরো ২০ পরিবার। তাছাড়া ভাঙ্গনে ঐ এলাকার লোকজনের উঠতি ফসল পাট ও ভুট্টা ক্ষেত নদীতে বিলীন হয়েছে। ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে ঘর-বাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাট ও ভুট্টা পরিপক্ক হওয়ার আগেই কেটে নিতে হচ্ছে। এলাকার লোকজন জানান, পানি তীব্র বেগে গান্নাড়পাড় এলাকায় আঘাতের কারণে স্রোত এসে কলাগাছি, চরইশোরকোলসহ বিভিন্ন এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে।
এদিকে কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা এলাকায় চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙ্গন হুমকির মুখে রয়েছে বলে এলাকাবাসী জানান। লক্ষীটারী ইউপি চেয়ারম্যান ফয়সাল হাসান ভাঙ্গনের কথা স্বীকার করে জানান, নদী ভাঙ্গনের মুখে লোকজন চরম দুর্ভোগে রয়েছে। এখন ভাঙ্গন কবলিত লোকজনের জরুরিভিত্তিতে পুনর্বাসন প্রয়োজন।