সরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসা কাতারের নেপথ্য কারিগর প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানিকে সরিয়ে দেয়া হচ্ছে। তার স্থলে নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন নাসের আল থানি। মঙ্গলবার দেশটির আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন। আর তখনই মন্ত্রিসভায় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছিল। ১৯৯৫ সালে সশস্ত্র বাহিনী, মন্ত্রিসভা ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর সহায়তায় শেখ হামাদ এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে তার বাবা শেখ খলিফার কাছ থেকে ক্ষমতা দখল করেন। তখন থেকেই কাতারের আমির দেশটিতে বেশকিছু উদার রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার ঘটান। সামপ্রতিক বছরগুলোতে কাতার আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।