ওবামার আফ্রিকা সফরের প্রতিবাদে বিক্ষোভ ও বয়কটের ডাক
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ২১:০৩
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আফ্রিকা সফরের প্রতিবাদে বিক্ষোভ ও বয়কটের ডাক দেয়া হয়েছে। গতকাল বুধবার থেকে তার সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও তানজানিয়ার উদ্দেশে সফর শুরু করার কথা। ওবামা যুক্তরাষ্টের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সাব সাহারান আফ্রিকায় এটি তার দ্বিতীয় সফর। সফরের মূল উদ্দেশ্য হচ্ছে সেখানে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং গণতন্ত্রের উন্নয়নের জন্য কাজ করা। -খবর সিএনএন ও ডন অনলাইনের।
সেনেগাল সফরের পর তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অবস্থিত সোয়েটো শহরে যাবেন। এ স্থানটি দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের স্বাধীনতা আন্দোলনের প্রতীক বলে বিবেচিত। এছাড়া এটি আরো একটি কারণে বিখ্যাত তা হলো এখানকার রবেন দ্বীপের কারাগারেই দেশটির অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা বছরের পর বছর অন্তরীণ ছিলেন। এসব বিষয়কে সামনে রেখেই তিনি দেশটিতে সফরে যাচ্ছেন।