বিশ্বকাপের জন্য প্রস্তুত ব্রাজিল!
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ২১:৩৩
টানা তিন ম্যাচ গোল পাওয়ার পর উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য থাকলেন নেইমার। তাতেও ব্রাজিলের খুব একটা ক্ষতি হলো না। নেইমারের বাড়িয়ে দেয়া বল থেকে দুটি গোল করে গত বুধবার মিনেইরোতে ব্রাজিলকে ফিফা কনফেডারেশন্স কাপের ফাইনালে পৌঁছে দিলেন ফ্রেড ও পলিনহো। আর এমন জয়ের পর কোচ লুইজ ফিলিপ স্কোলারিও নিজের দলকে বিশ্বকাপের জন্য প্রস্তুত বলেই মনে করছেন।
ম্যাচের স্কোরলাইন বলছে এক গোলে এগিয়ে থেকে ম্যাচটা জিতেছে ব্রাজিল। অথচ প্রথম গোল করার সুযোগ পেয়েছিল উরুগুয়ে। ১৩ মিনিটে ফরোয়ার্ড ডিয়েগো ফোরলানের নেয়া পেনাল্টি কিক গোলরক্ষক জুলিও সিজার আটকে না দিলে হয়তো ম্যাচের ফলাফলটা ভিন্ন হতে পারতো। ৪১ মিনিটে উরুগুয়ের জালে বল গড়িয়ে দিয়ে সেলেচাওদের এগিয়ে দেন ফ্রেড। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় এডিসন কাভানি সমতায় ফেরান উরুগুয়েকে। এই অবস্থা থেকে আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই চলতে থাকে ম্যাচের অন্তিম মুহূর্ত পর্যন্ত। ৮৬ মিনিটে নেইমারের কর্নার কিক হেড করে দলকে ফাইনালে তুলে দেন পলিনহো।
আগামী ৩০ জুনের ফাইনাল নিশ্চিত হওয়ায় ম্যাচের পর কোচ লুইজ ফিলিপ স্কোলারি স্বাভাবিক ভাবেই ছিলেন বেশ আত্মবিশ্বাসী। জানালেন, দল তাদের লক্ষ্য পূরণে সক্ষম হয়েছে, ‘আমাদের লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। আর সেটা আমরা যথেষ্ট কৃতিত্বের সাথেই পূরণ করতে সক্ষম হয়েছি। এভাবে আমরা ম্যাচ জিততে চাই, কারণ এর মধ্যে দিয়েই বিশ্বকাপে আমরা আরও অনেক ম্যাচ জয়ের শিক্ষা নিতে পারবো। আমাদের দলটা অনেক তরুণ; তাই এই ধরনের ম্যাচ আমাদের বেড়ে উঠতে সাহায্য করবে।’
ইতালির বিপক্ষে একতরফা ভাবে ম্যাচ জিতলেও উরুগুয়ে ব্রাজিলকে মোটেও ছেড়ে কথা বলেনি।
তীব্র প্রতিপক্ষের বিপক্ষে এমন জয়ের পর তাই স্কোলারি তাই দলের পারফরম্যান্স নিয়ে নিজের সন্তোষ প্রকাশ করলেন, ‘এটা অসাধারণ এক অনুভূতি। আমি অনেক খুশি, এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়। দলের প্রতিটি খেলোয়াড়কে নিয়েই আমি অতিমাত্রায় গর্বিত। আমাদের এই জয় আমাদের সমর্থকদের জন্য।’
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচের শেষে আলোচনায় উঠে আসছে ফোরলানের পেনাল্টি মিস। আর তাই ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজারের দিকেই আসছে প্রশংসা বাণী। ম্যাচ শেষে সিজার বলেন, ‘আমি অনেক খুশি ও গর্বিত। সমর্থকদের ভালবাসার প্রতিদান দিতে পেরেছি।’
টুর্নামেন্টের আরেক নায়ক নেইমারও চাপের মুখে ব্রাজিলের এমন পারফরম্যান্সে নিজের সন্তোষ প্রকাশ করলেন, ‘আদর্শ সেমিফাইনাল যেমন হওয়ার কথা ছিল এটা ছিল অনেকটা তেমনই। আর আমরা ম্যাচটির নিয়ন্ত্রণে ছিলাম। আমরা জানতাম ম্যাচটা সহজ হবে না। তবে সব শেষে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ম্যাচটিতে আমরাই জিতেছি।’