বিশেষ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে দশ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট গতকাল শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে লন্ডন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী গত ১ মে লন্ডন যান। বৃহস্পতিবার তিনি লন্ডনে তাজ হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যুক্তরাজ্য শাখা আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। লন্ডন সফরকালে তিনি চোখের চিকিত্সা করান।
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ।