বিদ্যুত্ সুবিধার বাইরে ৪০ ভাগ মানুষ
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ২২:১৪
দেশে এখনো বিদ্যুত্ সুবিধার বাইরে রয়েছে ৪০ ভাগ মানুষ। বর্তমানে দিনে গ্যাসের ঘাটতি ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ঘনফুট। এদিকে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে দিনে সহস্রাধিক মিলিয়ন ঘনফুট গ্যাস উত্পাদন বৃদ্ধি সাপেক্ষে নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে টেবিলে উপস্থাপন করা প্রশ্নোত্তর পর্বে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক সংসদে এ তথ্য তুলে ধরেন।
মো. আবুল খায়ের ভুঁইয়ার প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে দিনে গ্যাসের চাহিদা হচ্ছে দুই হাজার ৭৪০ মিলিয়ন ঘনফুটেরও বেশি। কিন্তু চাহিদার তুলনায় দিনে ঘাটতির পরিমাণ হচ্ছে ৫০০ মিলিয়ন ঘনফুট। গ্যাস উত্পাদন বাড়ানোর লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী বছরের ডিসেম্বরে দিনে এক হাজার ১৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্পাদন বৃদ্ধি পাবে। আর সে সময় নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করার মধ্যদিয়ে গ্যাস সংকট নিরসন হবে।
মমতাজ বেগমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের ৬০ শতাংশ মানুষ বিদ্যুত্ সুবিধার আওতাভুক্ত রয়েছে। অর্থাত্ ৪০ শতাংশ মানুষ বিদ্যুত্ সুবিধার বাইরে রয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে দেশের সকল জনগণকে বিদ্যুত্ সুবিধার আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
মোহাম্মদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে গৃহস্থালী খাতে সংযোগ সংখ্যা ২৩ লাখের বেশি। সে বিবেচনায় শতকরা সাত থেকে আট ভাগ মানুষ সরাসরিভাবে দৈনন্দিন কাজে গ্যাস ব্যবহার করছে।
বেগম নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে তিনি জানান, গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি রয়েছে। এ জন্য আঞ্চলিকভিত্তিতে কোন কোন এলাকায় শিল্প গ্রাহককে সম্পূর্ণ চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। বর্তমানে ব্যাপকভাবে শিল্পখাতে নতুন গ্যাস সংযোগ প্রদান করা যাচ্ছে না। বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা ও বাগেরহাট জেলায় গ্যাস সরবরাহের লক্ষ্যে ৮৪৫ কিলোমিটার গ্যাস পাইপ লাইন স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।