হেফাজতের ১৩ দফা নারীদের অবরুদ্ধের অপচেষ্টা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ যখন বিশ্বের কাছে মডেল হিসেবে পরিগণিত হচ্ছে তখন ১৩ দফা দিয়ে হেফাজতে ইসলাম দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়। তারা মূলত নারীদের অবরুদ্ধ করার অপচেষ্টা করছে। লেখনীর মাধ্যমে হেফাজতের অযৌক্তিক ১৩ দফার বিরুদ্ধে সোচ্চার হবার জন্য নারী সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাত্ করতে গেলে তিনি সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সহ-সভাপতি দিল মনোয়ারা মনু, কোষাধ্যক্ষ আকতার জাহান মালিকসহ কেন্দ্রের অন্যান্য সদস্যবৃন্দ। নারী সাংবাদিক কেন্দ্রের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।