‘মহাসেনে পৌনে ৩ হাজার হেক্টর
জমির চিংড়ি ঘের ক্ষতিগ্রস্ত’
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ২২:১৬
গত ১৬ মে সামুদ্রিক ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে প্রায় পৌনে তিন হাজার হেক্টর জমির চিংড়িঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে সিলেটে নতুন চিড়িয়াখানা স্থাপন করা হবে। গত বুধবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে টেবিলে উপস্থাপন করা প্রশ্নোত্তরপর্বে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস সংসদকে এ তথ্য জানান।
বেগম আশরাফুন নেছা মোশারফের প্রশ্নের জবাবে মন্ত্রী উপরোক্ত তথ্য উল্লেখ করে আরও জানান, মহাসেন ঘূর্ণিঝড়ের কারণে ৫১ হাজার ৬৭১টি চিংড়িঘের ও পুকুরের ২১ দশমিক সাত টন চিংড়ি এবং পাঁচ হাজার ৯০ দশমিক ৪০ টন মাছ ক্ষতিগ্রস্ত হয়। টাকার অংকে এক হাজার ৩৩৯ দশমিক ৪১ লাখ টাকা।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি জানান, গত অর্থবছরে চিংড়ি রফতানি থেকে আয় হয়েছে তিন হাজার ৬৪০ কোটি টাকা। তবে মত্স্য ও চিংড়ি রফতানি করে আয় হয়েছে চার হাজার ৭০৩ কোটি ৯৫ লাখ টাকা। নাজিম উদ্দিন আহমেদের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সিলেটে টিলাগড়ে নতুন একটি চিড়িয়াখানা স্থাপন করার পরিকল্পনা সরকারের রয়েছে। এ লক্ষ্যে নয় কোটি ৯৯ লাখ ৯৬ হাজার টাকা ব্যয় প্রাক্কলনে একটি কর্মসূচি প্রস্তাব মন্ত্রণালয়ের বাজেট ব্যবস্থাপনা কমিটির সভায় অনুমোদিত হয়েছে।