ভুয়া নিয়োগপত্র প্রদানকারী চক্রের পাঁচজন গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

ব্যাংকসহ সরকারি চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র প্রদানকারী চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের নাম শাহিনুর আলম, সাহিদ আল ইসলাম, সেলিম, সেলিম হোসেন ও জিবারুল ইসলাম। গত শুক্রবার মধ্যরাতে পল্লবী থানার ডিওএইচএস-এর মেহজাবিন প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেড অফিসে অভিযান চালিয়ে এই ৫ প্রতারককে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, এই ৫ প্রতারকের কাছ থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, জাতীয় রাজস্ব বোর্ড, কারা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মহিলা ও শিশু অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া এসব ভুয়া নিয়োগপত্র তৈরির জন্য ব্যবহূত ভুয়া সিল, বিভিন্ন প্রার্থীর চাকরির আবেদন, অ্যাডভোকেটের ভুয়া ভিজিটিং কার্ড, ১টি ল্যাপটপ, ১টি সিপিইউ ও ১টি প্রিন্টারও উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করা হয়েছে।