চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ১১শ’ কোটি টাকার নতুন বাজেট
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ২২:৫৩
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০১৩-২০১৪ অর্থবছরের জন্য ১১০৬ কোটি ৩০ লাখ ৭ হাজার টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আন্দরকিল্লায় সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে কর্পোরেশনের বার্ষিক সাধারণ সভায় এ বাজেট উপস্থাপন করা হয়। এ সময় গত ২০১২-২০১৩ অর্থবছরের ৪২৫ কোটি ৫২ লাখ ২ হাজার টাকার সংশোধিত বাজেট পাস করা হয়। গত অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিলো ৯৬০ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকা।
সিটি মেয়র এম মনজুর আলম তার বাজেট বক্তৃতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নেয়া ১৩টি উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। এসব পরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য ২৯৫ কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাট-বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন, ৪৫ কোটি টাকা ব্যয়ে এসফল্ট প্ল্যান্টের মাধ্যমে নগরীর বিভিন্ন রাস্তার কার্পেটিং করা, ৮৩ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পতেঙ্গাস্থ বে-রিসোর্ট পর্যটন সুবিধা সৃষ্টি এবং ২৫ কোটি টাকা ব্যয়ে নগরীর মিয়াখান রোডের সমপ্রসারণ এবং উন্নয়ন।
বাজেট বক্তৃতায় মেয়র কর্পোরেশনের বকেয়া আদায়ের উপর জোর দেন। মেয়র বলেন, নগর উন্নয়ন ও নাগরিক জীবনে স্বাচ্ছন্দ্য আনার লক্ষ্যে নতুন অর্থবছরে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছ থেকে সিটি কর্পোরেশন সর্বমোট ৩১৮ কোটি ৫৫ লাখ টাকা বকেয়া আদায়ের চেষ্টা চালাবে। ইতিমধ্যে আইনগত জটিলতা নিরসন হওয়ায় সিটি কর্পোরেশন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ১১৪ কোটি ২ লাখ টাকা আদায় করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।
বাজেট অধিবেশনে খাতওয়ারি বিবরণী উপস্থাপন করেন কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্ট্যান্ডিং কমিটির সভাপতি এম জহিরুল আলম দোভাষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেশনের বিদায়ী সচিব শামছুজ্জোহা, সদ্য যোগদানকারী সচিব রশিদ আহমদ, প্রধান হিসাব কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল প্রমুখ।