ছয় দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ২২:৫৪
ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম, রংপুর ও বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আগামীকাল শনিবার থেকে আমরণ অনশনের ঘোষণাও দেয়া হয় মানববন্ধন থেকে।
চট্টগ্রাম অফিস জানায়, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এর আগের দিন নগরীতে র্যালি বের করে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবিগুলো হচ্ছে- শিক্ষার্থীদের মাসিক বৃত্তি বৃদ্ধি, বিশেষ বিসিএস-এর ব্যবস্থা ও চাকরির সুনির্দিষ্ট নিয়োগ বিধি প্রণয়ন, নার্সিং-এ স্নাতকোত্তরসহ উচ্চ শিক্ষার ব্যবস্থা এবং অ্যাপ্রোন পরিধানের অনুমতি।
বরিশাল অফিস জানায়, কর্মসূচির ৪র্থ দিনে গতকাল বৃহস্পতিবার ক্লাস বর্জন করে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে বক্তৃতায় শিক্ষার্থীরা দাবি পূরণ না হলে ২৯ জুন থেকে অনশন পালন করার ঘোষণা দেন।
রংপুর প্রতিনিধি জানান, আগামীকাল শনিবার থেকে আমরণ অনশনে যাচ্ছে রংপুরের নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে এক সমাবেশে এই ঘোষণা দেয়া হয়। সমাবেশে দাবি মেনে নেয়া না হলে আমরণ অনশন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয়া হয়।