অর্পিত সম্পত্তি ফিরে পেতে ৭৪ হাজার মামলা
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ২২:৫৫
অর্পিত সম্পত্তি অবমুক্তির আবেদন জানিয়ে এ পর্যন্ত সারাদেশে ৭৪ হাজার মামলা হয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পরিধি এবং মামলা দায়ের করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আগামী ৩০ জুন থেকে পরবর্তী তিন মাস পর্যন্ত এ বিষয়ক মামলা করার সুযোগ থাকবে। এছাড়া মামলা করার সময় প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দেয়ার বিধান শিথিল করে তা শুনানির সময় দিলেও চলবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ সভায় সভাপতিত্ব করেন। ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, ভূমি প্রতিমন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার, ভূমি সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব (আইন) ইব্রাহীম হোসেন খান, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ আমিনুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য ৩০ জুন পর্যন্ত আবেদন করার সময় ছিল। সভায় এই সময়সীমা আগামী তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত হয়। যদি কোন আবেদনকারী আবেদন বা মামলা করার সময় প্রয়োজনীয় কাগজ বা প্রমাণপত্র সংযুক্ত করতে না পারেন তবে তা মামলার শুনানির সময় সংযুক্ত করা যাবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় ট্রাইব্যুনালের পরিধি বাড়াতে যুগ্ম জেলা জজ থেকে শুরু করে সিনিয়র সহকারী জজকে ট্রাব্যুনালের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগে অতিরিক্ত জেলা জজ ট্রাইব্যুনালের দায়িত্বে ছিলেন। এখন তাকে আপিল শুনানির দায়িত্বে দেয়া হচ্ছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় ট্রাইব্যুনালকে এবং ভূমি মন্ত্রণালয় ডিসিদের গতকালই প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) ইব্রাহীম হোসেন খান ইত্তেফাককে বলেন, অর্পিত সম্পত্তি ফিরে পেতে মামলা ক্রমেই বাড়ছে। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালের পরিধি বিস্তৃত করাসহ বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, ভুক্তভোগীদের দাবি অনুযায়ী সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার বিধানও শিথিল করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ১১ ডিসেম্বর অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন কার্যকর করা হয়। সে সময় থেকে চলতি বছরের ১০ এপ্রিলের মধ্যে (আইন বলবত্ হওয়ার ১৫০দিন) সারাদেশের অর্পিত সম্পত্তির তালিকা জেলা প্রশাসন কর্তৃক গেজেট আকারে প্রকাশ করা হয়। এতে সরকার কর্তৃক ইজারা দেয়া ব্যক্তির দখলে থাকা এবং সরকারের দখলে থাকা বা বেদখলকৃত সব শ্রেণীর সম্পত্তি মৌজা ওয়ারি গেজেট প্রকাশ করা হয়। তবে অনেক জায়গায় শত্রুতাবশত অথবা অসাধু উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিকেও অর্পিত সম্পতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।