সালাহউদ্দিন কাদেরের পক্ষে ট্রাইব্যুনালে সাফাই সাক্ষীর তালিকা

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপির পক্ষে সাফাই সাক্ষ্য দিতে চারজন সাক্ষীর নামের তালিকা দাখিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর এ তালিকা দাখিল করেন তার আইনজীবীরা। সাফাই সাক্ষীর তালিকায় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শামীম হাসনাইন, সাবেক প্রধান বিচারপতি মাঈনুর রেজা চৌধুরীর ভাই এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ট্রাস্ট্রি বোর্ডের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী ছাড়াও নিজাম আহমেদ নামে এক ব্যক্তির নাম রয়েছে। এ তালিকা সম্পর্কে সালাহউদ্দিন কাদেরের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের বেঁধে দেয়া সময়ের মধ্যেই আমরা সাফাই সাক্ষীর নামের তালিকা দাখিল করেছি। সাক্ষীরা নিজেরাই ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে ব্যাখ্যা দেবেন। প্রসঙ্গত সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এক হাজার একশ তিপান্ন জনের নামের তালিকা ট্রাইব্যুনালে দাখিল করা হয়। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ১৩ জুন ট্রাইব্যুনাল এ তালিকার মধ্য থেকে মাত্র ৫ জনকে সাক্ষ্য দেয়ার জন্য নির্ধারণ করে দেয়। এই ৫ জনের মধ্যে সালাহউদ্দিন কাদের নিজেই নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দিচ্ছেন। কিন্তু তিনি অসুস্থ থাকায় রবিবার পর্যন্ত বিচার কাজ মুলতবি করে বুধবার আদেশ দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে বৃহস্পতিবারের মধ্যে বাকি ৪ জন সাফাই সাক্ষীর নামের তালিকা দাখিল করার নির্দেশ দেয়। ট্রাইব্যুনালের বেঁধে দেয়া এ সময়ের মধ্যে সালাহউদ্দিন কাদেরের আইনজীবীরা তালিকা ট্রাইব্যুনালে দাখিল করলেন। এর আগে এই বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ৪১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আর তদন্ত কর্মকর্তার কাছে ৪ জন সাক্ষীর দেয়া জবানবন্দিকেই সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলায় সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে গত বছরের ৪ এপ্রিল অভিযোগ গঠন করেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। এতে তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ২৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।