বন্দর প্রতিনিধি
সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দিনে দুপুরে আবুল হোসেন (৫০) নামে এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সম্বন্ধীসহ তার পরিবারের লোকজন। ওই সময় হামলাকারীদের কবল থেকে আবুল হোসেনকে বাঁচাতে গিয়ে শিশুসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন নিহতের স্ত্রী তাসলিমা বেগম, মেয়ে ডালিয়া, জামাতা রুবেল ও নাতনি হাফছা। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। শনিবার সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নস্থ বাগপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ১টি দা ও ২টি লাঠি জব্দ করে। এ ব্যাপারে নিহতের ছেলে মোঃ কাজল মিয়া বাদী হয়ে গতকাল দুপুরে বন্দর থানায় ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের স্ত্রী তাসলিমা বেগম জানান, আমার বাবা মরহুম পীর মোহাম্মদ মিয়ার সম্পত্তি নিয়ে বড় ভাই মোস্তফা মিয়া ও ছেলে মোজাম্মেল ওরফে বাবুসহ তার পরিবারের সঙ্গে আমাদের র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকালে আম পাড়াকে কেন্দ্র করে মোস্তফার সঙ্গে আমাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সকাল ৯টার দিকে মোস্তফা ও তার স্ত্রী মহাসেনা বেগম, ছেলে মোজাম্মেল হোসেন বাবু এবং মেয়ে সোহাগী আক্তার ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় মোজাম্মেল দা দিয়ে আমার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আমার স্বামী মারা যান। বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, হত্যাকারীদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।