পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত শুরু
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ২৩:০৪
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এই মামলায় অভিযুক্ত হলে সাবেক এই সামরিক শাসকের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হতে পারে। সরকার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও ডনের। মোশাররফের বিরুদ্ধে এই মামলা নিয়ে দেশটির সরকার এবং সেনাবাহিনীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। গত সোমবার সরকার সুপ্রিম কোর্টকে জানায়, ১৯৯৯ সালে পারভেজ মোশাররফ সামরিক অভুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। এর মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ করেছেন তিনি। এই অপরাধে তার বিচার হওয়া উচিত। এছাড়া ২০০৭ সালে মোশাররফ জরুরি অবস্থা জারি করেন এবং সংবিধান স্থগিত করার বিষয়টিও সুপ্রিম কোর্টকে অবহিত করে সরকার। উল্লেখ্য, ১৯৯৯ সালে ক্ষমতায় ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তাকে ক্ষমতাচ্যুত করে দেশ শাসন করেন মোশাররফ।