ইভিএম ব্যবহারের বিধান বাদ দিয়ে আরপিও সংশোধনী চূড়ান্ত হচ্ছে

দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান বাদ দিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে আরপিও’র খসড়ায় কমিশন জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ রেখেছিল। তবে সম্প্রতি রাজশাহী সিটি নির্বাচনে ইভিএমে ক্রুটি ধরা পড়ায় ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসি। ফলে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ থাকছে না। আগামী সপ্তাহে সংশোধিত আরপিও আইনে রূপান্তর করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সংশোধিত আরপিওতে সংসদ নির্বাচনে কোনো কেন্দ্রে গোলাযোগ হলে ভোটকেন্দ্র বন্ধ করে দেয়ার একক ক্ষমতা প্রিজাইডিং কর্মকর্তাকে দেয়া হচ্ছে। এর আগে ভোটকেন্দ্র বন্ধ করে দেয়ার ক্ষমতা রিটার্নিং ও প্রিজাইডিং কর্মকর্তা উভয়কে দেয়ার প্রস্তাব করেছিল ইসি। এ বিষয়ে গতকাল শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ বলেন, আরপিও সংশোধনীর বিষয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত হবে বলে আশা করছি। ইভিএম প্রসেঙ্গ তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দু’ একটি স্থানে ইভিএম ব্যবহারে যান্ত্রিক ত্রুটি পাওয়া গেছে। এ কারণে জাতীয় নির্বাচন থেকে ইভিএম বাদ দেয়া হয়েছে। ইভিএমকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ঘোষণার পর তা ব্যবহারের কথা চিন্তা করবে কমিশন। এর আগে আরপিও খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হলেও পরে তা ফেরত পাঠানো হয়। গত ১৪ মে আইন মন্ত্রণালয় প্রস্তাবিত সংশোধনী পর্যালোচনা করে। ২১ মে আরপিও সংশোধনী প্রস্তাবটি ব্যাখ্যা চেয়ে নির্বাচন কমিশনে ফেরত পাঠানো হয়। প্রস্তাবনাটিতে ইসি ৪১টি বিধিমালা সংশোধনের প্রস্তাব করে। আগামী রবিবার সকালে সার্বিক বিষয়ে কমিশনের সভা আহবান করা হয়েছে। এদিকে আগামী সপ্তাহেই সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের গেজেট চূড়ান্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে কমিশন। তবে অধিকাংশ আসনই ২০০৮ সীমানায় ফিরিয়ে দেয়া হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেন, সীমানা এখনও চূড়ান্ত হয়নি। এ নিয়ে কমিশন কাজ করছে।