‘গার্মেন্টসের বিকল্প রপ্তানি পণ্য হতে পারে হালকা প্রকৌশল শিল্প’

দেশে হালকা প্রকৌশল শিল্পের প্রচুর সম্ভাবনা থাকলেও এ খাতে উত্পাদিত পণ্যের মান উন্নয়ন সম্ভব হচ্ছে না। এ খাতের উদ্যোক্তারা এখনো শত বছরের পুরনো প্রযুক্তির ওপর নির্ভরশীল। এছাড়া মূলধনের অভাব, দক্ষ জনশক্তির অভাব, সুনির্দিষ্ট নীতিমালা না থাকা এবং পরিকল্পিত শিল্প পার্কের অভাবে পিছিয়ে রয়েছে এ শিল্প। এসব অভাব পূরণ করা গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে প্রচুর পরিমাণ হালকা প্রকৌশল যন্ত্র রপ্তানি করা সম্ভব। যা তৈরি পোশাক শিল্পের (আরএমজি) বিকল্প হিসাবে গড়ে উঠতে পারে। রাজধানীর ফেডারেশন ভবনে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সেমিনারে এসব কথা বলা হয়। বাংলাদেশের হালকা প্রকৌশল শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস) ও লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, বাইশিমাস সভাপতি আবদুর রাজ্জাক, মহাসচিব আবদুল হাকিম মিয়া বক্তৃতা করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাইশিমাসের কনসাল্টেন্ট মোহাম্মদ মাসুম তালুকদার। বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বলেন, টেকসই ও উন্নত হালকা প্রকৌশল খাত গড়ে উঠলে আমদানি বিকল্প পণ্য উত্পাদনের পাশাপাশি বিদেশি বিনিয়োগেরও সুযোগ সৃষ্টি হবে। মূল প্রবন্ধে এ শিল্পের প্রচুর সম্ভাবনার দিক উপস্থাপন করা হয়। এছাড়াও গুটিকয়েক সমস্যা এ শিল্পের অন্তরায় বলে সংশ্লিষ্টরা জানান।