ভারতীয় গণমাধ্যমের খবর

বাংলাদেশ, পশ্চিমবঙ্গে বুদ্ধ পূর্ণিমায় জঙ্গি হামলার আশঙ্কা

বিশেষ প্রতিনিধি

আসন্ন বুদ্ধ পূর্ণিমাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা জানিয়েছে ভারতের একটি গোয়েন্দা সংস্থা। এ আশঙ্কায় ইতোমধ্যে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এ খবর জানিয়েছে। তবে এ ব্যাপারে  বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে  জানানো হয়েছে বুদ্ধ পূর্ণিমা উদযাপনকে কেন্দ্র করে সন্ত্রাসী ও নাশকতামূলক হামলার সুনির্দিষ্ট কোনো আশঙ্কা নেই। তারপরও, বাড়তি সতর্কতা হিসেবে গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বৌদ্ধ মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়গুলোকে সুরক্ষিত রাখার জন্য পুলিশের সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দশনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য জানান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস-এর খবরে বলা হয়েছে, এই সতর্কতার কথা জানিয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)। এই সম্ভাব্য হামলা চালাতে পারে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) বা ইসলামিক স্টেট (আইএস)। বুদ্ধ পূর্ণিমায় হামলার আশঙ্কার পাশাপাশি আইবি জানিয়েছে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে হিন্দু বা বৌদ্ধ মন্দিরে হামলা চালানো হতে পারে। শুক্রবার এই সতর্ক বার্তা পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।