ইত্তেফাক ডেস্ক
ভারতে একটি ‘প্রদেশ’ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে বেশ কয়েকজনের প্রাণহানির পর এই দাবি জানায় আইএস। আইএস নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আমাক নিউজ অ্যাজেন্সি শুক্রবার ‘উইলায়াহ অব হিন্দ’ নামের নতুন এই প্রদেশ প্রতিষ্ঠার ব্যাপারে ঘোষণা দিয়েছে। কাশ্মিরের সোফিয়ান জেলার আমশিপোরা এলাকায় সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর বেশ কিছু সদস্য নিহত হয়েছে বলেও দাবি করেছে আমাক। এদিকে শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সোফিয়ান জেলায় আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে ইশফাক আহমদ সফি নামের এক জঙ্গি নিহত হয়। -রয়টার্স