ভাণ্ডারিয়ায় আমন বীজতলা পানির নিচে
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২০:৩৩
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় উপজেলার আমন বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। উপজেলার জুনিয়া, হরিণপালা, তেলিখালী, বোথলা, হেতালিয়া, চরখালী, নদমুলা, ভিটাবাড়িয়া, গৌরীপুরসহ উপকূলীয় নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। সমপ্রতি ভাণ্ডারিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া মহাসেনে আউশ ফসল ফলাতে পারেনি কৃষকরা। আশা ছিল আমন ফসলটা অন্তত ভালো ফলাবে। কিন্তু বর্তমানে নদ-নদীতে পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় এ সকল অঞ্চলের কৃষকরা শংকিত হয়ে পড়েছে। স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার আমন বীজতলা পানিতে তলিয়ে রয়েছে। তবে কত বীজতলা তা পানি না কমলে বলা যাবে না। মত্স্য বিভাগ সূত্রটি জানান, অতিরিক্ত পানি বৃদ্ধির ফলে পুকুর ঘেরের মাছ ভেসে গেছে। এদিকে জোয়ারের সময় শহররক্ষা বাঁধ উপচে শহরের নদী তীরবর্তী বাসাবাড়ি ও দোকানপাটে পানি উঠছে। অপরদিকে পানি বৃদ্ধি, বৃষ্টির পানি ও খালে বাঁধ থাকায় উপজেলার ধাওয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় এ সকল গ্রামের মানুষ মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে জেয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় চরখালী ফেরিঘাট এলাকার জেলেপল্লীসহ বসতবাড়ি ও দোকানপাটেও পানি উঠছে।