উলিপুরে ঝুঁকিপূর্ণ সেতুতে যান চলাচল প্রাণহানির আশংকা

উলিপুর-চিলমারী সড়কের গুনাইগাছে ঝুঁকিপূর্ণ একটি ব্রিজের উপর দিয়ে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল করছে। কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগ ব্রিজটির ঠিকাদার নিয়োগ করলেও এখন পর্যন্ত কাজ শুরু হয়নি। ফলে যেকোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশংকা করা হচ্ছে। উপজেলার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন চিলমারী-উলিপুর সড়কের উপর নির্মিত এ ব্রিজটি দীর্ঘদিন আগেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জেলা সদরে যোগাযোগের একমাত্র এ সড়কে নির্মিত এ ব্রিজটির উপর দিয়েই উলিপুর উপজেলাসহ চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার কয়েক লাখ মানুষকে যাতায়াত করতে হয়। তাছাড়া উপজেলার শত শত স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী এ ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। বুড়িতিস্তা নদীর উপর নির্মিত এ ব্রিজটিতে ইতোমধ্যেই ফাটল ধরেছে এবং রেলিং ভেঙ্গে গেছে । কিন্তু ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়েই ঢাকাগামী বাসসহ প্রতিদিনই শত শত মিনিবাস, ট্রাক, নছিমন, করিমন, রিক্সাভ্যান চলাচল করছে। ফলে প্রতিনিয়তই দুর্ঘটনার আশংকা করছেন পথচারীরা। এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক বলেন, ব্রিজটি নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। বর্ষার কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।