তৃতীয় রাউন্ডে জোকোভিচ-সেরেনা
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২০:৩৬
পুরুষ এবং মহিলা এককের দুই শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ এবং সেরেনা উইলিয়ামস উইম্বল্ডনের বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনে গত বৃহস্পতিবার টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে পা রেখেছেন। পুরুষ এককের অন্যান্য ম্যাচে শীর্ষ বাছাইদের মধ্যে জয় পেয়েছেন রিচার্ড গ্যাসকুয়েট, টমাস বার্ডিচ, বার্নার্ড টমিচও। অন্যদিকে প্রত্যাশিত জয়ে সেরেনার পথ অনুসরণ করেছেন লি না এবং অগনেইস্কা রাদওয়ানস্কা।
দিনের শেষ ম্যাচে এদিন জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন আমেরিকার ববি রেনর্ল্ডস। তবে তুলনামূলক বিচারে দুর্বল প্রতিপক্ষকে ‘কালো বুধবার’র মতো অপ্রত্যাশিত কিছু ঘটানোর সুযোগই দেননি বিশ্বের এক নম্বর তারকাটি। ৭-৬ (৭-২), ৬-৩,৬-১ গেমে উড়িয়ে দিয়ে পা রেখেছেন তৃতীয় রাউন্ডে।
দিনের শেষ দিকে বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি ম্যাচ। তবে সেন্টার কোর্টে ছাদের সুবিধা থাকায় বৃষ্টি জোকোভিচের জয়ের পথে কোন বাধা হয়ে উঠতে পারেনি। প্রথম সেটে রেনর্ল্ডস কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারলেও পরের দুটি সেটে জোকোভিচ ছিলেন বরাবরের মতোই অপ্রতিরোধ্য। ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসকে দেয়া সাক্ষাত্কারে এই সার্বিয়ান তারকা জানালেন, তার সন্তুষ্টির কথা, ‘ছাদ বন্ধ হয়ে যাওয়ার পরে পরিবেশটা কিছুটা ভিন্ন ছিল। পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে আমার কিছুটা সমস্যা হচ্ছিল। আমার অনুমানের চেয়ে বল ধীরগতিতে আসছিল। তবে শেষ দুটি সেটে নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’ তবে প্রথম সেটে জোকোভিচের সার্ভে পয়েন্ট তুলে নেয়া রেনর্ল্ডকে তার প্রাপ্য কৃতিত্ব দিতেও ভোলেননি জোকোভিচ, ‘আজ নিজের সার্ভে আমার পারফরম্যান্স মোটেই ভাল ছিল না। তবে এর জন্য প্রতিপক্ষকে তার কৃতিত্ব দিতেই হবে। এটা আসলেই দারুণ একটা ম্যাচ ছিল।’ দ্বিতীয় রাউন্ডেই রেনর্ল্ডসের এই হারের ফলে নিশ্চিত হয়ে যায় ১৯১২ সালের পর এবারই প্রথম উইম্বল্ডনের তৃতীয় রাউন্ডে থাকছেন না কোন আমেরিকান খেলোয়াড়।
জোকোভিচের মতোই বৃষ্টির প্রত্যাশিত জয়ে তৃতীয় রাউন্ডে পা রেখেছেন গ্যাসকুয়েট, বার্ডিচরাও। জয় পেয়েছেন দীর্ঘদেহী আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেল পোত্রোও। তবে বৃষ্টিকে পরাস্ত করতে পারেনি ফ্রেঞ্চ ওপেন রানার আপ ডেভিড ফেরার। তার ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে। এদিকে দিনের একমাত্র অঘটনের শিকার হয়েছেন সপ্তদশ বাছাই মিলোস রাওনিক। নেদারল্যান্ডসের ইগর সিসলিং ৭-৫, ৬-৪, ৭-৬, ৭-৪ গেমে হারিয়েছেন তাকে। অন্যদিকে মহিলা এককের শীর্ষ বাছাই সেরেনার জয়টা ছিল আরো একপেশে। ফ্রান্সের ১৯ বছর বয়সী তরুণী ক্যারোলিন গার্সিয়াকে ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন তিনি। তৃতীয় রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ হবেন জাপানের কিমিকো দাতে ক্রুম। দাতে ক্রুম এদিন ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন রুমানিয়ার আলেক্সান্দ্রা চাদাতুকে। ১৯৯৬ সালে সেমিফাইনাল খেলার পর ৪২ বছর বয়সী এই জাপানিজ এবারই প্রথম উইম্বল্ডনের তৃতীয় রাউন্ডে উঠলেন। জয় পেয়েছেন আরেক এশিয়ান চীনের লি নাও। সিমোনা হালেপকে ৬-২, ১-৬, ৬-০ গোলে হারিয়েছেন তিনি। চতুর্থ বাছাই রাদওয়ানস্কা ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন ম্যাথিল্ডে জোহানসনকে। এছাড়া রবার্তা ভিঞ্চি হারিয়েছেন জানা সেপেলোভাকে।