নান্দাইলে পুকুরে ডুবে শিশু মৃত্যু

নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর গ্রামে পানিতে ডুবে নাদিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাড়ির সামনে পুকুরে পানিতে পড়ে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার ও এলাকাবাসী জানায়, উপজেলার দিলালপুর নগাঁও গ্রামের মোঃ আসাদের পুত্র নাদিম মিয়া শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে বাড়ির সামনে খেলা করছিল অন্য শিশুদের সাথে। মুষলধারে বৃষ্টির সময় অন্য শিশুরা খেলা করলেও নাদিম হঠাত্ নিখোঁজ হয়ে যায়। শিশুটির মামা জহির মেম্বার জানান, অনেক খোঁজাখুঁজি করে প্রায় ৩ ঘণ্টা পর তার ভাগিনার লাশ বাড়ির সামনে পুকুরে ভাসতে দেখেন। তিনি জানান, শিশুটির মা-বাবা দু’জনই ঢাকায় গার্মেন্টে চাকরি করেন। নানার বাড়িতে শিশুটি নানীর কাছে ছিল।