পীরগাছায় এনজিও কর্মীর রহস্যজনক মৃত্যু

পীরগাছায় গত বুধবার রাতে এক এনজিও কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। জানা যায়, পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাসিন্দা আব্দুল মান্নান নরসিংদীর মেয়ে রূপা আক্তারকে ৭ মাস পূর্বে বিয়ে করে। বিয়ের পর রূপা বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এসকেএস নামের একটি সংস্থায় মাঠকর্মী হিসাবে পীরগাছা উপজেলায় কাজ করে। এ কারণে উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামের রেজা মিয়ার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। ওই দম্পতি ভাড়া বাসায় থাকাকালে ঘটনার আগের দিন পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এরপর বৃহস্পতিবার সকালে মান্নান বাড়ির লোকজনকে জানায়, রাতে সে ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী রূপা আক্তার ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসী জানায়, নিহত গৃহবধূর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তারা বিষয়টিকে রহস্যজনক বলে অভিহিত করে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।