ইতালিকে পথ দেখাতে পারে স্পেন
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২০:৩৭
কোচ সিজার প্রানদেল্লি তার ইতালি খেলোয়াড়দের স্পেনের উদাহরণ অনুসরণের আহবান জানিয়েছেন। ইটালি এক বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের কাছে ৪-০ গোলে পরাস্ত হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার রাতে কনফেডারেশন কাপের সেমিফাইনালে পেনাল্টিতে হারের আগ পর্যন্ত অনেক ভালো খেলে।
ইটালি প্রথমার্ধে পুরোপুরি প্রাধান্য বিস্তার করে এবং প্রানদেল্লির ৩-৪-২-১ কৌশলের কারণে স্পেন মিডফিল্ডাররা খুব বেশি জায়গা বের করতে পারেননি। এছাড়া দুই উইঙ্গারও অনেক ভালো খেলেন। ডান প্রান্তে ক্রিস্টিয়ান ম্যাজিও প্রথমার্ধেই বার তিনেক গোলের দেখা পেয়ে যাচ্ছিলেন প্রায়। অপরদিকে ইমানুয়েল জিয়াচ্ছেরিনির শট অতিরিক্ত সময়ে পোস্টে লাগে।
সব মিলিয়ে প্রানদেল্লি খেলোয়াড়দের জয়ের তাগিদের মধ্যে কোন দোষ দেখেন না। বরং তিনি তাদের স্পেন থেকে অনুপ্রেরণা নিতে বলেন। কেননা, এই স্পেন পাঁচ বছর ধরে ‘টিকি-টাকা’ ফুটবল খেলে বিশ্ব জয়ের পাশাপাশি নিজেদের কেবলই উন্নতির শিখরে নিয়ে গেছে।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ এ প্রসঙ্গে বলেন, ‘গত কয়েক বছর ধরে তারা খুবই অসাধারণ এক দলে পরিণত হয়েছে। তারা নিজেদের খেলায় ধারাবাহিকতা দেখিয়ে চলেছে এবং আমরাও আমাদের খেলায় এ ধরনের ধারাবাহিকতা পেতে চাই। আজ রাতেও (বৃহস্পতিবার) আমরা কাঙ্ক্ষিত উচ্চতায় উঠে এসেছিলাম, আমরা তাদের সাথে সমানে পাল্লা দিচ্ছিলাম। আমরা নিজেদের অসাধারণ সাহসী ও জয়ের তাগিদ দেখিয়েছিলাম।’
কনফেডারেশন কাপে ইটালি আগামীকাল রবিবার তৃতীয় স্থান নির্ধারণী খেলায় উরুগুয়ের মোকাবিলা করবে। প্রান্ডেলি অবশ্য বিশ্বাস করেন, স্পেনের বিরুদ্ধে তাদের লড়াকু হারটি সামনের চ্যালেঞ্জের জন্য দলকে নতুনভাবে আত্মবিশ্বাসী করে তুলবে।
এ প্রসঙ্গে সাবেক ফিওরেন্তিনা কোচ বলেন, কোন সন্দেহ নেই যে, এটা ছিল আমাদের জন্য বড় মাপের এক পরীক্ষা। ফল যাই হোক আমরা তাতে উতরেছি। টেকনিক্যাল ও টেকটিক্যাল উভয় দিক বিচারে আমরা যেরকম খেলা দরকার তাই খেলেছি বলেই বিশ্বাস। আমি নিশ্চিত যে, এ খেলাটিই ধরে রাখা দরকার। আমরা প্রমাণ করেছি যে, সেরাদের সাথে লড়ার মতো গুণপনা আমাদের আছে।—এএফপি