বিয়াল্লিশেও অদম্য

উইম্বল্ডনে গত বৃহস্পতিবারের ম্যাচে আলেক্সান্দ্রা চাদাতুকে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠার পাশাপাশি বিরল এক রেকর্ডের মালিক হলেন জাপানের কিমিকো দাতে ক্রুম। ওপেন যুগের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে উইম্বল্ডনের তৃতীয় রাউন্ডে ওঠার রেকর্ডটি এখন তারই দখলে। বিস্ময়ের এখানেই শেষ নয়। দাতে ক্রুম এর আগে সর্বশেষ উইম্বল্ডনের তৃতীয় রাউন্ডের বাধা পাড় হয়েছিলেন ১৯৯৬ সালে! সেবার স্টেফি গ্রাফের কাছে হেরে টুর্নামেন্টের সেমিফাইনালে বিদায় নিতে হয় তাকে। সে বছরই টেনিসকে বিদায় জানানোর পর ৪২ বছর বয়সী এই খেলোয়াড় ১২ বছরের বিরতি ভেঙ্গে ২০০৮ সালে আবারো ফেরেন কোর্টে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই যেন খেলার ধারও বাড়ছে তার! এবছরই গড়েছেন সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে খেলার রেকর্ড। তবে ৪৭ বছর ২৩৫ দিন বয়সে অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে নেমে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম এবং উইম্বল্ডন খেলার রেকর্ডটা এখনো মার্টিনা নাভ্রাতিলোভার দখলে। তবে এবারও হয়তো তৃতীয় রাউন্ডেই থেমে যেতে হচ্ছে এই অদম্য নারীকে। কারণ সেখানে তার প্রতিপক্ষ সেরেনা উইলিয়ামস। তবে কোর্টে যাই হোক কেন, ম্যাচের আগে দাতে ক্রুমের প্রতি দারুণ শ্রদ্ধাই ঝরলো সেরেনার কণ্ঠে, ‘তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এই বয়সে সর্বোচ্চ পর্যায়ে খেলাটা আসলে সবার জন্যই অনুপ্রেরণা দায়ক। আমি ভেবে পাই না কিভাবে সে এত ভালো ভাবে কাজটা করে যাচ্ছে! ৪২ বছর বয়সে খেলার কথা আমি কল্পনাই করতে পারি না।’