মুন্সীগঞ্জে খাল ও কালভার্টের মুখ ভরাট: এলাকায় জলাবদ্ধতা

পৌরসভার কোটগাঁও-গনকপাড়া-দেওভোগ খাল ও কালভার্টের মুখ ভরাটের কারণে বৃহস্পতিবার কয়েক ঘণ্টার বৃষ্টিপাতেই কোটগাঁও, গনকপাড়া ও দেওভোগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে এসব এলাকার মানুষের গোয়ালঘরসহ বাড়ির উঠানে পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে এলাকার কৃষি জমি তলিয়ে গেছে। বিনষ্ট হয়ে গেছে গ্রীষ্মকালীন শাক-সবজি। উদ্ভূত পরিস্থিতির শিকার এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত লোকজন খাল ভরাটের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ছে। রাঢ়ীবাড়ির শাহ আলম জানান, খাল ও কালভার্টের মুখ ভরাটের কারণে পানি সরতে না পেরে তার বাড়ির উঠানে পানি উঠে গেছে। আর বাড়ির পাশের প্রায় ১ বিঘা জমির শাক-সবজি, ঢেঁড়স, লাল শাক, পুঁইশাক, মুলা শাক, ধুন্দল ক্ষেতে পানি জমে বিনষ্ট হয়ে গেছে। মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র এ কে এম ইরাদত জানান, পৌরসভার নির্মিত কালভার্টের মুখ ভরাট করে ফেলেছে, জলাবদ্ধতা তো হবেই। তবে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্টর রায় পাওয়ার পরে পরবর্তী উদ্যোগ গ্রহণ করা হবে।