নিজেকে নির্দোষ দাবি ওয়াটসনের

‘ঘুষি কেলেঙ্কারি’র শাস্তিস্বরূপ ডেভিড ওয়ার্নারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্তের সঙ্গে নিজে কোন ভাবেই জড়িত নন বলে দাবি করলেন শেন ওয়াটসন। সম্প্রতি বেশ কয়েকটি প্রতিবেদনে প্রকাশিত হয়, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে ওয়াটসনই প্রথম সাবেক কোচ মিকি আর্থারের কাছে ওয়ার্নারের শাস্তি দাবি করেন। গত কয়েক মাসে বেশ কয়েকবারই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভিযুক্ত ওয়ার্নার সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন আবারো আলোচনায় আসেন ইংলিশ ক্রিকেটার জো রুটকে ঘুষি মারার কারণে। বার্মিংহামের একটি নাইট ক্লাবে দুই দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের উপস্থিতিতে রুটের সাথে তর্কের এক পর্যায়ে এমনটা করেন ওয়াটসন। এরপরে অবশ্য আনুষ্ঠানিকভাবে রুটের কাছে ক্ষমাও প্রার্থনা করেন তিনি। তবে তাতে শাস্তির হাত থেকে বাঁচতে পারেননি এই বাহাতি ওপেনার। ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে বেশ কয়েকটি ম্যাচের জন্য নিষিদ্ধ করে। ফলে এখন শঙ্কা সৃষ্টি হয়েছে তার অ্যাশেজ খেলা নিয়েও। এরপরই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, সদ্য সাবেক কোচ মিকি আর্থারকে ওয়াটসনই প্রথম এ বিষয়ে অবহিত করেন। দাবি করেন শাস্তিও। এমন অভিযোগের বিষয়ে তখন মুখ না খুললেও নতুন কোচ হিসেবে ড্যারেন লেহম্যানের নিয়োগ পাওয়ার জোড়ালো ভাবেই এমন অভিযোগ অস্বীকার করলেন এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘অবশ্যই না। কোচিং স্টাফ, মিকি এবং দলের নেতৃস্থানীয় খেলোয়াড়রা নিজেরাই এ বিষয়ে জানতে পারেন। এর সাথে আমার কোন যোগাযোগই ছিল না। আমি নিশ্চিত নই ঠিক কি কারণে গণমাধ্যমে এ বিষয়টি এসেছে। এটি আসলেই সত্যি নয়।’ দলের অন্য সবাই কিভাবে ঘটনার সবকিছু জানলেন ওয়াটসন ব্যাখ্যা করেছেন সে বিষয়টাও, ‘ঘটনার সময় উপস্থিত ছিল এমন কিছু খেলোয়াড়ের মাধ্যমেই তারা সবকিছু জানতে পেরেছে। সুতরাং, এর সাথে আমার জড়িত থাকার কোন কারণ নেই। ওয়াটসন কথা বলেছেন দলের ভারত সফরকালে চার ক্রিকেটারকে বহিষ্কার করার সেই সিদ্ধান্তের বিষয়েও। টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তকে ভবিষ্যতের জন্য বাজে নজির হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘মোহালিতে যে ব্যাপারটা হয়েছিল সেটা ছিল আসলেই খুব বিপজ্জনক একটা সিদ্ধান্ত। এ বিষয়ে কোন সন্দেহ নেই।’ তবে মাঠ এবং মাঠের বাইরের গত কয়েক মাসের হতাশাজনক বিষয়গুলো অজিরা দ্রুতই কাটিয়ে উঠতে পারবে বলে ওয়াটসনের বিশ্বাস। নতুন কোচের অধীনে আগের সব পুরনো বিভেদ ভুলে সামনে এগিয়ে যাওয়ার অঙ্কীকারও ব্যক্ত করলেন তিনি। ওয়াটসন বলেন, ‘এই পরিবর্তনটা আমাদের জন্য আসলেই খুব দরকার ছিল। গত কয়েক মাসে যা ঘটেছে সেগুলো নিয়ে আমি চিন্তা করতে চাই না। একটা দল হিসেবে আমরা ভবিষ্যতে কি করতে পারি আমি শুধু সেটা ভেবেই উত্তেজিত। ড্যারেন (লেহম্যান) দলে নতুন কি যোগ করেন সেটা দেখার জন্যও আমার তর সইছে না।’