ভৈরবে জেটি ও সিঁড়ি নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল পৌরসভা ঘেরাও

বৃহস্পতিবার দুপুরে ভৈরবে নৌ-শ্রমিকরা মালামাল ওঠা-নামার জন্য জেটি ও সিঁড়ি নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও পৌরসভা চত্বরে অবস্থান ঘেরাও কর্মসূচি পালন করেছে। পরে পৌর মেয়রের আশ্বাসে তারা অবস্থান ঘেরাও প্রত্যাহার করে। ২০১২ সালের ১৬ জুন ৩০ কোটি টাকা ব্যয়ে ভৈরব জিল্লুর রহমান শহর রক্ষাবাঁধের ৭০০ মিটার রাস্তার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপন। কিন্তু ভৈরব বন্দরের মালামাল ওঠানামার জন্য কোনরকম জেটি ও সিঁড়ি নির্মাণ করা হয়নি। শ্রমিকরা জানায়, জীবনের ঝুঁকি নিয়ে তারা বন্দরের মালামাল ওঠানামা করে। এতে করে অনেক শ্রমিক পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। শ্রমিকরা জানান, তাদের দাবি মানা না হলে ভৈরব নৌ-বন্দরের মালামাল ওঠানামা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার ঘোষণা দেন। পরে পৌর মেয়র হাজী মো.শাহিন বলেন, বিষয়টি পৌরসভার নয় পানি উন্নয়ন বোর্ডের। এ বিষয়ে আমি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সাথে কথা বলেছি।