বিএনপি-জামায়াত জোট রেলের ২৫ কোটি টাকার সম্পদ নষ্ট করেছে
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২০:৩৮
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, যুদ্ধাপরাধীরা আন্দোলনের নামে রেলে অগ্নিসংযোগ ভাংচুর করে জনগণের সম্পদ নষ্ট করছে। যুদ্ধের সময় ৩০ লাখ মানুষকে হত্যা ও ২ লাখ মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে এই জামায়াত শিবির চক্র। তারাই আজ যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বিএনপির মদদে দেশে তাণ্ডবলীলা চালাচ্ছে। এদের থেকে দেশের মানুষকে সজাগ থাকার আহবান জানান তিনি। বৃহস্পতিবার সিরাজগঞ্জ-ঢাকা আন্তঃনগর “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানপূর্ব এক সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ৪ দলীয় জোট সরকারের আমলে দেশে রেলের কোন উন্নয়ন হয়নি। তারা শুধু লুটপাট করেছে। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে। মহাজোট সরকার উত্তরাঞ্চলে কোটি কোটি টাকার উন্নয়ন করেছে । প্রধানমন্ত্রীর আন্তরিকতায় সিরাজগঞ্জ থেকে ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। গোপালগঞ্জ ও সিরাজগঞ্জকে একই চোখে দেখেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের আমলে বিএনপি-জামায়াত জোট হরতালের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করে রেলের ২৫ কোটি টাকার সম্পদ নষ্ট করেছে।
এই স্বাধীনতা রিবোধী চক্রের হাত থেকে রক্ষা পেতে তিনি আবারো মহাজোটকে ভোট দেয়ার আহবান জানান। সিরাজগঞ্জ বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে রেলসচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য তানভীর শাকিল জয়, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, আওয়ামী লীগ নেতা ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, আবু ইউসুফ সূর্য, মোস্তফা কামাল খান, আব্দুস সামাদ তালুকদার, সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, সদর উপজেলার চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক দানী প্রমুখ।