কুমিল্লায় দেড়মাসেও নিখোঁজ পুলিশ সদস্যের সন্ধান মিলেনি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের পুলিশ সদস্য কামরুল ইসলাম নিখোঁজ হওয়ার দেড়মাস অতিবাহিত হলেও বৃহস্পতিবার পর্যন্ত তার সন্ধান মেলেনি। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় সাধারণ ডায়রি (জিডি) হয়। নিখোঁজ পুলিশ সদস্যের পরিবার ও জিডি সূত্রে জানা যায়, উপজেলার ধান্যদৌল গ্রামের পুলিশ কনস্টেবল (নং-৯৯৬) কামরুল ইসলাম গত ৪ এপ্রিল ১০ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া থেকে নিজ বাড়িতে আসেন। ছুটিকালীন সময়ে তিনি অসুস্থ হয়ে যাওয়ায় কুমিল্লা পুলিশ হাসপাতালে চিকিত্সা নেন। এসময় তিনি ছুটি আরও একমাস বর্ধিত করেন। গত ১৩ মে তিনি কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হন। এর দু’দিন পর পরিবারের সদস্যরা তার সাথে যোগাযোগ করতে না পারায় উত্কণ্ঠিত হয়ে পড়েন। পরে তারা কামরুলের কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি কর্মস্থলে যোগদান করেননি। অবশেষে গত ২২ জুন তার পিতা মনিরুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানায় একটি জিডি করেন।