আফ্রিকা সফরে ওবামা
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২০:৪৭
আফ্রিকায় তিনটি দেশে সফরের শুরুতেই সেনেগালে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হওয়ার পর আফ্রিকায় এটি ওবামার দ্বিতীয় সফর। বৃহস্পতিবার ওবামা সেনেগালের রাজধানী ডাকারে পৌঁছালে তাকে মটরশোভাযাত্রা করে নেচে, গেয়ে স্বাগত জানায় উল্লাসিত জনতা। প্রেসিডেন্টের ম্যাকি সলের সঙ্গে বৈঠকের জন্য ওবামাকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট প্রাসাদে। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। আফ্রিকার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং সুশাসন চালুর লক্ষ্য নিয়ে এ সফর করছেন ওবামা। আফ্রিকায় স্থিতিশীল গণতন্ত্রের দেশগুলোতেই সফর করবেন তিনি। ওবামা দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন। যেখানে মৃত্যুর সঙ্গে লড়ছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। দেশটি সফরকালে রোববার ওবামা রবেন দ্বীপে যেতে পারেন বলে মনে করা হচ্ছে; যেখানে ২৭ বছরের মধ্যে ১৮ বছরই জেলে কাটিয়েছিলেন ম্যান্ডেলা। তবে এটি এখনো নিশ্চিত নয়। এছাড়াও ওবামা যাবেন তাঞ্জানিয়ায়। এ দেশটি সফরের মধ্যদিয়ে শেষ হবে তার আফ্রিকা সফর।
বাবার জন্মস্থান কেনিয়ায় এবারের সফরে যাবেন না ওবামা। বাদ থাকছে নাইজেরিয়াও। কেনিয়ায় ২০০৭ সালের নির্বাচনের পর সহিংসতা বেড়ে যাওয়ার কারণে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হওয়ায় রাজনৈতিক দিক বিবেচনায় দেশটিতে সফর করবেন না ওবামা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একথা জানিয়েছেন।