ম্যান্ডেলার কন্যা দুই দেশের রাষ্ট্রদূত
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২০:৪৭
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার কন্যা জেনানি ডিলামিনি প্যারাগুয়েতে তার দেশের রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন।—খবর এএফপি’র। যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রাপ্ত ডিলামিনি আর্জেন্টিনায় দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
কূটনীতিকরা জানান, ডিলামিনি পররাষ্ট্র মন্ত্রী জোসে ফেলিক্স ফার্নান্দেজের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। তারা আরো জানান, এসময় ফার্নান্দেজ তার বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেতার প্রশংসা করেন। বুধবার দক্ষিণ আফ্রিকার মহানায়কের গোত্রের এক নেতা জানান, ৯৪ বছর বয়সী বর্ণবাদবিরোধী আন্দোলনের বীর তার বাবাকে বর্তমানে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। তিনি আর স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না।