সারানায়েভের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২০:৪৮
জোখার সারানায়েভের বিরুদ্ধে বোস্টন ম্যারাথনে বোমা হামলা চালিয়ে চারজনকে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার ফেডারেল গ্র্যান্ড জুরি ১৯ বছর বয়সী সারানাভের বিরুদ্ধে এ অভিযোগ আনে। বোস্টন ফেডারেল কোর্টে সারানায়েভের বিরুদ্ধে মোট ৩০টি অভিযোগ আনা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, যদি সারানায়েভ দোষী প্রমাণিত হন তবে তার যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে। চেচেন নৃতাত্ত্বিক গোষ্ঠীর সারানায়েভের বিরুদ্ধে আভিযোগ, সে অস্ত্র ব্যবহার করে অসত্ উদ্দেশ্যে সম্পদ ধ্বংস যা মৃত্যুর কারণ ঘটিয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতাসম্পন্ন অস্ত্র ব্যবহার করেছে। চলতি বছরের ১৫ এপ্রিল বোস্টন ম্যারাথন চলাকালে প্রেসার কুকারে বানানো বোমার বিস্ফোরণে তিনজনের মৃত্যু এবং ২৬০ জন আহত হন। ম্যারাথন দৌড়ের ফিনিশ লাইনের কাছে বিস্ফোরিত ওই বোমার মধ্যে থাকা পেরেক ও বল বিয়ারিং-এর আঘাতে দশজন তাদের পা হারান। ব্যাপক পাকড়াও অভিযানের পর ১৯ এপ্রিল রাতে সারানায়েভ পুলিশের হাতে ধরা পড়েন। মারাত্মক আহত সারানায়েভকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে সারানায়েভের বড় ভাই তামারলেন সারানায়েভ ও এক পুলিশ নিহত হন। ম্যাসাচুসেটস-এর অ্যাটর্নি কারম্যান ওর্টিজ বলেন, ন্যায় বিচারের জন্য যা প্রয়োজন আমরা তাই করবো।