দরপত্র দাখিলের
সময় বাড়ল
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২১:২৭
সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র জমা দিতে একমাস সময় বাড়িয়েছে পেট্রোবাংলা। সে অনুযায়ী আগামী ২৯ জুলাইয়ের মধ্যে দরপত্র জমা দেয়া যাবে। বৃহস্পতিবার এই সময় বাড়ানো হয়। এ ক্ষেত্রে নতুন কোন শর্ত আরোপ করা হয়নি। জ্বালানি বিভাগ থেকে অনুমতি নিয়ে পেট্রোবাংলা এই সময় বাড়িয়েছে। এর আগে দরপত্র আহ্বান করা হলে ২৭ জুন শেষ সময় ছিল। কিছু বিদেশি কোম্পানির অনুরোধে এবং সন্তোষজনক সাড়া না পাওয়ায় এই সময় বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অগভীর সমুদ্রের ২, ৩, ৬, ৭, ৮ এবং ১০ নম্বর ব্লকে দরপ্রস্তাব জমা দেয়ার জন্য এই সময় বাড়ানো হলো। এর আগে অগভীর সমুদ্রের জন্য গত মাসের ২৮ মে দরপত্র আহ্বান করা হয়েছিল।
সাগরের গভীর ও অগভীর সাগর মিলিয়ে মোট ১২টি ব্ল¬কে তেল-গ্যাস অনুসন্ধানে গতবছরের ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। এর মধ্যে অগভীর সাগরে অবস্থিত ৯টি ব্ল¬কের জন্য দরপ্রস্তাব জমা দেয়ার শেষদিন ছিল গত ২ এপ্রিল। ওইদিন যুক্তরাষ্ট্রভিত্তিক কনোকো ফিলিপস ৭ নম্বর এবং ভারতের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) ৯ ও ৪ নম্বর ব্লকে কাজ করতে পেট্রোবাংলায় তাদের দরপ্রস্তাব জমা দিয়েছে। ১৫টি কোম্পানি প্রাথমিক তথ্য উপাত্ত কিনলেও শেষ পর্যন্ত মাত্র দুটি কোম্পানি প্রস্তাব জমা দেয়।