রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে রেলের টেন্ডার সন্ত্রাসীরা

চট্টগ্রামে রেলওয়ের টেন্ডার সহিংসতার ঘটনায় গ্রেফতার ছাত্রলীগ যুবলীগের ৩ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শুক্রবার রিমান্ডে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামান গতকাল ইত্তেফাককে জানান। আলোচনার কেন্দ বিন্দুতে থাকা ছাত্রলীগ কেন্দ ীয় সহ-সম্পাদক সাইফুল আলম লিমন ও যুবলীগ কেন্দ ীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরী বাবরকে পরে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর এ দু‘জনকে পর্যায়ক্রমে রিমান্ডে নেয়া হবে বলে তদন্ত কর্মকর্তা জানান। এর আগে গত বৃহস্পতিবার প্রথম দফায় ১৪ জনকে একদিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে মূলত কয়েকটি বিষয় নিশ্চিত হতে চাইছে পুলিশ। সেগুলো হলো সংঘর্ষের সময় কয়জনের হাতে অস্ত্র ছিল, এসব অস্ত্রের জোগানদাতা কারা, ৮ বছরের শিশু আরমান ও যুবলীগ কর্মী সাজু পালিতের হত্যাকারী কে বা কারা। সর্বোপরি রেলের টেন্ডারবাজির নেপথ্যে আরো কোনো রাঘব বোয়াল জড়িত কিনা পুলিশ সে বিষয়েও নিশ্চিত হতে চাইছে। মামলার তদন্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনার নেপথ্য নায়কদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। উল্লেখ্য, গত সোমবার চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলের পূর্বাঞ্চলীয় জোনের টেন্ডার জমাদানকে কেন্দ করে ছাত্রলীগ-যুবলীগের অনুসারী সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়। এ ঘটনায় শিশু আরমান ও যুবলীগ কর্মী সাজু পালিত গুলিবিদ্ধ হয়ে মারা যান। নগরীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় পুলিশ এ পর্যন্ত এজাহারভুক্ত ৫৮ আসামিকে গ্রেফতার করেছে। আদালত ৫০ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি আটজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করে।