উলফা নেতা অনুপ চেটিয়াকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)-এর সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে রাজশাহীর কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর ৪নং হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে কঠোর নিরাপত্তায় তাকে রাজশাহী থেকে কাশিমপুরে নিয়ে যাওয়া হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তাকে রাজশাহী থেকে কাশিমপুর কারাগারে হস্তান্তর নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ কিনা তা রাজশাহী কারা কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। বাংলাদেশের কারাগারে অনুপ চেটিয়ার কেটেছে দীর্ঘ ১৬ বছর। আর রাজনৈতিক আশ্রয় নয়, দেশে ফেরার জন্য অনুপ চেটিয়া সমপ্রতি কারা কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেন। এতে তিনি ইতিপূর্বে বাংলাদেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য করা আবেদন প্রত্যাহারের কথাও বলেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কারাগারের ডিভিশনপ্রাপ্ত রিলিজ প্রিজন সেলে ছিলেন অনুপ চেটিয়া। গত ১৩ মে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার এ সংক্রান্ত আবেদনপত্র পাঠানো হয়। অনুপ চেটিয়া তার আবেদনপত্রে লিখেছেন: বাংলাদেশের অন্য কারাগারে আটক দুই সহচর লক্ষ্মীপ্রসাদ গোস্বামী ও বাবুল শর্মাকে নিয়ে তিনি নিজ দেশে ফিরতে চান। এর অনেক আগে রাজশাহী কারাগারে আটক অবস্থায় তিনি ভারত-বাংলাদেশ বহিঃসমর্পণ চুক্তির কথা জানেন উলফার এই শীর্ষ নেতা। তখন বন্দী বিনিময় চুক্তি হলেও ভারতে ফেরত পাঠানোর বিরুদ্ধে বাংলাদেশের হাইকোর্টে তার রিট ছিল। রিটের নিষ্পত্তির পর তাকে ভারত ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর কথা ছিল। কারা সূত্র জানায়, অনুপ চেটিয়া ডিভিশনপ্রাপ্ত কয়েদি ছিলেন। তার রুমও ছিল আলাদা। রুমে টিভিও ছিল।